পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিজয়ের মাসে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ২ দিনের সফরে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছার পর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় ঢাকা-দিল্লির মধ্যে ‘রক্তের সম্পর্ক’ রয়েছে বলে মন্তব্য করেন শ্রিংলা।
বাংলাদেশে ভারতের সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার নয়াদিল্লিতে অনুষ্ঠান করা হয়। এর পরদিন ঢাকায় পা রাখেন এখানে দায়িত্ব পালন করা প্রতিবেশী দেশটির সাবেক হাই কমিশনার শ্রিংলা। এটিকে ‘ঐতিহাসিক বিরল মুহূর্ত’ আখ্যায়িত করে তিনি বলেন, উভয় দেশ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছে ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধোরা।
স্থলপথের পাশাপাশি নৌপথেও দুই দেশের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে শ্রিংলা বলেন, এটি দিল্লির সবচেয়ে অগ্রাধিকার। গত ৫০ বছরে বিশাল উন্নয়ন হয়েছে বাংলাদেশে, এ অগ্রযাত্রায় শরিক হয়েছে ভারত। দুই দেশের চিন্তায় বড় কোনো পার্থক্য নেই, সম্পর্কের চলমান সোনালী অধ্যায়কে এগিয়ে নিতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।
বাংলাদেশিদের সীমান্তে পাখির মতো গুলি করে হত্যার বিষয়ে জানতে চাইলে তার কোনো সদুত্তর দিতে পারেননি বন্ধু দেশ ভারতের এই কূটনীতিক। তিনি বলেন, সীমান্ত সমস্যাসহ উভয় দেশের যোগাযোগ বাড়ানো, ভারতীয় রাষ্ট্রপতির ঢাকা সফর এবং শেখ হাসিনার দিল্লি সফর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বৈঠকে।
এর আগে আজ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে শ্রিংলাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।


