ভালো আছেন আফ্রিদি, দোয়া চাইলেন সবার

ভালো আছেন আফ্রিদি, দোয়া চাইলেন সবার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শহীদ আফ্রিদি এখন শারীরিকভাবে ভালো আছেন। চার মেয়ের পাশাপাশি আফ্রিদিও সবার থেকে আলাদা (আইসোলেশন) থাকছেন। এর আগে চার মেয়েসহ করোনাভাইরাসে আক্রান্ত হন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডার। তাঁদের শারীরিকভাবে ভালো থাকার খবর নিশ্চিত করেন আফ্রিদির ভাই।

গত শনিবার টুইট করে আফ্রিদি জানান তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এরপর থেকে আফ্রিদির সুস্থতা কামনা করছেন ক্রিকেটাররা। টুইট ও পোস্টের ঢেউ ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি যোগাযোগ করেছিল আফ্রিদির পরিবারের সঙ্গে।

তাঁর ভাই তারিক আফ্রিদি বলেন, ‘এই কঠিন সময়ে সবার দোয়া ও সমর্থন ছাড়া শহীদ আফ্রিদি আর কিছুই চায় না। পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে খাবার ও সুরক্ষার সামগ্রী পৌঁছে দিতে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করছে সে। সে নিজের জীবনের মারাত্মক ঝুঁকি নিয়ে এ কাজ করছে এবং কোভিড-১৯ ভাইরাসে এখান থেকেই সংক্রমিত হয়েছে।’

করোনাভাইরাস মহামারি হয়ে ওঠার পর থেকেই দুস্থ মানুষের জন্য কাজ শুরু করেন আফ্রিদি। বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সাহায্য পৌঁছে দিয়েছেন গরীব মানুষের হাতে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত ৬৭ দিনে প্রায় ৩২ হাজার ঘরে সাহায্য পৌঁছে দিয়েছেন আফ্রিদি।

আফ্রিদির উপদেষ্টা সায়মা খান জানালেন দিন দিন একটু করে সুস্থ হয়ে উঠছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, ‘সুখবর হলো তিনি প্রতিদিন একটু একটু করে ভালো অনুভব করছেন। গরীব মানুষের জন্য তিনি নিজের প্রাণ ঝুঁকিতে ফেলেছিলেন। রোজার মাসে প্রায় কোনো বিশ্রাম ছাড়াই সাহায্য নিয়ে দৌড়েছেন। সামনে থেকে এভাবে সাহায্য করলে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *