ভূমিকম্পে কেঁপে উঠল চীন

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার ছোবলে বিপর্যস্ত পৃথিবী। এরই মধ্যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এখন। ক’দিন আগে ইন্দোনেশিয়ায়, তারও আগে ভারতের দিল্লিতে। দিন দুয়েক আগে মেক্সিকোতেও—এবং এর আগে ইরানেও আঘাত হেনেছে প্রলয়ঙ্কর এই প্রাকৃতিক বিপর্যয়।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় ভোর পাঁচটায় শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠল করোনার উৎপত্তিস্থল চীনও।

পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে আঘাত হানে এই ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪। তবে কোনো প্রাণহানি কিংবা সম্পত্তির ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনও তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

অঞ্চলটি পাহাড়ি ও মরুভূমি অঞ্চল হওয়ায় হতাহতের সম্ভাবনা কম। উৎপত্তিস্থলের কাছাকাছি বসতি খুব একটা না থাকলেও যেসব আছে সেগুলো কাঁচা ইট দিয়ে নির্মিত। ফলে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

চীনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকায়। চীনে সর্বশেষ ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ২০০৮ সালে। সিচুয়ানে ৭.৯ মাত্রার ওই ভূমিকম্পে মারা গিয়েছিল সাড়ে ৮৭ হাজারের বেশি মানুষ। এর আগে ২০০৩ সালে জিনজিয়াং প্রদেশে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২৬৮ জন নিহত হন। তখন ওই অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়।

সূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *