ভেঙে ফেলা হবে দশ হাজার ঝুঁকিপূর্ণ সেতু

ভেঙে ফেলা হবে দশ হাজার ঝুঁকিপূর্ণ সেতু

নিজস্ব প্রতিবেদক ● স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতাধীন সারাদেশে ঝুঁকিপূর্ণ ১০ হাজার সিঙ্গেল লেন সেতু ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্রিজ নির্মাণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা না থাকা এবং নির্মাণ ত্রুটির কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়াই বিভিন্ন সময় সারাদেশে প্রচুর সিঙ্গেল লেন সেতু নির্মাণ করা হয়েছে। ওসব সেতুর অধিকাংশই এলজিইডির আওতাধীন সড়কে হলেও সরকারের অন্য সংস্থা সেগুলো নির্মাণ করেছে। বর্তমানে কোনো সিঙ্গেল লেন সড়ক বা সেতু নির্মাণ করছে না এলজিইডি। পাশাপাশি পুরনো সিঙ্গেল লেন বহু সড়ক ও সেতুও ডাবল লেনে রূপান্তরের কাজ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। একই সাথে বহু কাঁচা সড়কও পাকা করা হচ্ছে, যার সবই ডাবল লেনের। এমন পরিস্থিতিতে পরিকল্পনাহীনভাবে নির্মিত প্রায় ১০ হাজার সিঙ্গেল লেন সেতু ভেঙে ফেলতে হচ্ছে। এলজিইডি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের পল্লী এলাকায় ১৯৭৪ সাল থেকে বিভিন্ন অবকাঠামো তৈরি করে আসছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তবে তার অধিকাংশই পরিকল্পিত না হওয়ায় ওসব অবকাঠামো আরো টেকসই ও মানসম্পন্ন করতে পল্লী অঞ্চলে কার্যক্রম শুরু করে এলজিইডি। পরবর্তী সময়ে আইন করে গ্রামীণ এলাকায় অবকাঠামো উন্নয়নের কর্তৃত্ব দেয়া হয় সংস্থাটিকে। বর্তমানে ওসব এলাকায় যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের অনুমোদন এবং তার সার্বক্ষণিক তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও এলজিইডির। যদিও ওই আইনকে পাশ কাটিয়ে পল্লী এলাকায় এলজিইডির জমিতে কোনো ধরনের সমীক্ষা ও বিশেষজ্ঞ দলের অনুমোদিত নকশা ছাড়াই একের পর এক ছোট ছোট সেতু ও কালভার্ট তৈরি করছে ত্রাণ মন্ত্রণালয়। পল্লী উন্নয়নের নামে এমন ধরনের অপরিকল্পিত প্রকল্প নিয়ে অভিযোগ তুলেছে স্থানীয়রাও।

সূত্র জানায়, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের মধ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পুরনো ১০ হাজার কিলোমিটার সড়ক সিঙ্গেল লেন থেকে ডাবল লেনে উন্নীত করা হবে। তাছাড়া কাঁচা থেকে পাকা করা হবে আরো ২৫ হাজার কিলোমিটার সড়ক। তার মধ্যে উপজেলা পর্যায়ে ৫ হাজার কিলোমিটার, ইউনিয়নে ৮ হাজার ও গ্রামপর্যায়ে রয়েছে ১২ হাজার কিলোমিটার সড়ক। নতুন ওসব সড়কে অধিকাংশই হবে ডাবল লেনের, যার ওপর নির্মিত সেতুগুলোও হবে ডাবল লেনের। এমন অবস্থায় শুধু পরিকল্পনাহীনভাবে নির্মাণের কারণেই বিপুল সংখ্যক সিঙ্গেল লেন সেতু ভেঙে ফেলতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *