ভোজ্য তেলের অনিশ্চিত যাত্রা রুখবে কে
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের বাজারে সয়াবিন তেলের দাম বারবার বাড়ছে। গত ৪ মাসে লিটারপ্রতি বোতলজাত সয়াবিনের দাম ১৩ থেকে ২২ টাকা বাড়ানোর পর কোম্পানিগুলো বলছে, দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ, আন্তর্জাতিক বাজার বাড়তি।
গত আগস্ট মাসে ৫ লিটার তেল কেনা যেত ৫০৫ থেকে ৫১৫ টাকায়। এখন বাজারে দাম ৫৭০ থেকে ৬২৫ টাকা। এখানেই শেষ নয়, বিপণনকারী কোম্পানিগুলোর সমিতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত ১৫ নভেম্বর সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৩০ টাকা নির্ধারণ করার বিষয়টি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। এখন বাজারে ১ লিটার সয়াবিন তেলের দাম ১১৫ থেকে ১২৫ টাকা। আইন অনুযায়ী, তেলের দাম বাড়াতে হলে তা ১৫ দিন আগে জানাতে হয়।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, তেলের প্রস্তাবিত দর যৌক্তিক কি না, তা যাচাই করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত বৃহস্পতিবার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) চিঠি দেওয়া হয়েছে। এর আগেও বাণিজ্য মন্ত্রণালয় কয়েক দফা মিলমালিকদের সঙ্গে বৈঠক করেছে। তেল আমদানিতে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) তিন স্তরের হওয়ার কারণে কোম্পানিগুলো বলছে, এতে তেলের আমদানি মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাটের চাপও বেশি পড়ছে। ২০১৯-২০ অর্থবছরের বাজেট থেকে ভোজ্যতেলের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট তিন স্তরে আরোপ শুরু হয়।
বিশ্বব্যাংকের ২ ডিসেম্বরের পণ্য বাজার পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিল-জুন সময়ে সয়াবিন তেলের প্রতি টনের মূল্য ছিল ৭০৭ মার্কিন ডলার, যা নভেম্বরে ৯৭৪ ডলারে ওঠে। ব্যবসায়ীরা বলছেন, চীনসহ কয়েকটি দেশ ভোজ্যতেল আমদানি বাড়িয়েছে। অন্য দিকে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দেশগুলো থেকে রপ্তানি কমেছে। এ কারণে আমদানিকারক দেশগুলো বিপাকে পড়েছে।


