মডেল মসজিদের দ্বায়িত্ব পালন করবে স্থানীয় প্রশাসন

মডেল মসজিদের দ্বায়িত্ব পালন করবে স্থানীয় প্রশাসন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে নির্মিত হবে এমন ৫৬০টি মসজিদ। নির্মাণ শেষ হওয়ায় ৫০টির কার্যক্রম শুরুর পথে। তবে ইসলামিক ফাউন্ডেশন নয়, মসজিদগুলো পরিচালনা ভার দেয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।

সরকারের একটি সূত্র জানায়, ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা-২০২১। সেখানে বলা হয়েছে, মসজিদগুলো পরিচালনায় থাকছেন উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক। ইমাম-মোয়াজ্জিন থেকে শুরু করে অন্যান্য জনবল তারাই নিয়োগ করবেন।

এমন খবরে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামিক ফাউন্ডেশনের কর্তাব্যক্তিরা। তারা বলছেন, পুরো কাজ সম্পন্ন হলো ইসলামিক ফাউন্ডেশনের হাত দিয়ে। এখন কিনা সেটা পরিচালনা করবেন স্থানীয় প্রশাসন! এই সিদ্ধান্তকে যৌক্তিক বলার কোনো কারণ নেই। তাছাড়া এমন তো নয় যে, মসজিদ পরিচালনার সক্ষমতা ইসলামিক ফাউন্ডেশনের নেই।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজী বলেন, সরকার একটা মহৎ উদ্দেশ্য নিয়ে মসজিদগুলো তৈরি করেছে। যদি এগুলো পরিচালনায় কোনো ত্রুটি হয়, তাহলে সেই উদ্দেশ্য ভেস্তে যাবে। তাই এ ব্যাপারে খুব চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়া দরকার।

তিনি আরও বলেন, ধর্মের বিভিন্ন বিষয় এমনকি মসজিদকেন্দ্রিক নানা কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা আছে ইসলামিক ফাউন্ডেশনের। দীর্ঘদিন ধরেই তারা এসব কার্যক্রমে যুক্ত। সেদিক থেকে চিন্তা করলে একজন জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসারের সেই অভিজ্ঞতা নেই। এটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *