পাথেয় রিপোর্ট : হজ ও ঈদুল আজহার মূল শিক্ষাই পবিত্র কুরবানি উল্লেখ করে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, পশু কুরবানি করার পাশাপাশি মনের পশু ও আমিত্বকে সবার আগে জবাই করতে হবে।
আল্লামা মাসঊদ হাজীদের জন্যে হজ্জে মাহরুর নসিবের দুআ করে বলেন, আমরা হজে যেতে পারছি না বলে হাজীদের মত আল্লাহর ঘর তওয়াফ, সাফা-মারওয়ায় সায়ী ও অন্যান্য সব আমলে হাজীদের মত শরীক হতে পারছি না। কিন্তু হজের মূল আমল কুরবানি করার ক্ষেত্রে আমরা হাজীদের সাথে শরীক হতে পারবো ইনশাআল্লাহ।
রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ কমপ্লেক্স জামে মসজিদে জুমার বয়ানে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
আল্লামা মাসঊদ বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে কুরবানি করতে হবে। মানুষকে দেখানোর জন্যে নয়। আর প্রকৃত মুমিন তো শুধু ঈদের দিন কুরবানি করে না, প্রকৃতি মুমিন প্রতিটা মূহুর্তে আল্লাহ তাআলার হুকুম পালন করে নিজের চাহিদা, খাহেশাতের বিরুদ্ধে জিহাদের মাধ্যমে কুরবানি করে থাকে।
আল্লাহর জন্যে নিজের অন্তরের বিপক্ষে কাজ করাই বড় কুরবানি বলেও তিনি মন্তব্য করেন।
গ্রন্থনা : আদিল মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির


