পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় সংসদের নির্বাচিত মন্ত্রীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রিপরিষদ সভার প্রথম বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিন উপমন্ত্রী যোগ দেন বলে জানা গেছে। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অন্য মন্ত্রীরা। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের শোকপ্রস্তাব করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
পরে স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী মন্ত্রীদের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান। এ ছাড়াও তিনি সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, মাদক এবং জঙ্গিবাদ উচ্ছেদ করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠায় কাজ করে যেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সমাজ ব্যবস্থায় দুর্নীতি একটি কালো ব্যাধির মত ছেয়ে গেছে। কারণ, যে দেশে সামরিক সরকার ক্ষমতায় আসে তারা প্রথমে সমাজটাকে ধ্বংস করে দেয়। দুর্নীতিটাকেই তারা নীতি হিসেবে নেয় এবং দুর্নীতির সুযোগও সৃষ্টি করে দেয়।
শেখ হাসিনা টানা তৃতীয় বার এবং মোট চতুর্তবারের মত সরকার গঠন উপলক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে ঋণ খেলাপি থেকে দুর্নীতিবাজ যাদেরকে আমরা দেখি তাদের সৃষ্টি হয় ’৭৫-এর পর যারা ক্ষমতায় এসেছিল তাদের কাছ থেকে।
এ সব কালো ব্যাধি থেকে সমাজকে মুক্ত করার লক্ষ্যেই তাঁর সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে এটি এখন সময়ের প্রয়োজন এবং তার জন্য যা যা করণীয় তাঁর সরকার করে যাবে, বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একটি দেশকে যদি আমরা উন্নত করতে যাই তাহলে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতির হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।


