পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্ফান বয়ে গেছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। আম্ফানের কারণে বাংলাদেশের উপকূলের মতো পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি শহর তছনছ হয়ে গেছে।
ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজখবর এবং সহমর্মিতা জানাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২২ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফোন করেন।এ সময় তিনি ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজখবর নেন এবং সহমর্মিতা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, বুধবার (২০ মে) ভারতের পশ্চিমবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্ফান। তাণ্ডবে লণ্ডভণ্ড করে দিয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, হুগলী এবং পশ্চিম মেদিনীপুরের অনেক এলাকায়। হাজার হাজার কাঁচা বাড়ি ও গাছপালা ভেঙে গেছে আম্ফানের ভয়াল থাবায়।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন মারা গেছেন কলকাতায়।
একই দিন বিকালে তীব্র ঝড়ো বাতাস আর বৃষ্টি ঝরিয়ে সাগর থেকে উপকূলে উঠে আসে আম্ফান। তবে বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরা ও সুন্দরবন অংশের ওপর আঘাতের পর আম্ফানের বাংলাদেশ অংশটি উঠে আসে স্থলভাগে।


