মসজিদে ঢুকতে সতর্কতা অবলম্বন করুন : আল্লামা মাসঊদ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মসজিদে ঢুকার সময় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মসজিদ আল্লাহ ঘর, আল্লাহর প্রিয়জন স্থান। এখানে বান্দারা নামাজ আদায় করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, জিকির-আজকার, কোরআন তেলাওয়াত এবং আরও অন্য ইবাদত করেন। মসজিদে যেয়ে মসজিদের আদব-শিষ্টাচার মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এই খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
মসজিদে প্রবেশের সময় ডান পায়ে প্রবেশ করার কথা উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, মসজিদে প্রবেশের সময় ডান পা আগে রেখে প্রবেশ করবে। দরুদ ও মসজিদে প্রবেশের দোয়া পড়া। তাহিয়্যাতুল মসজিদ আদায় করা। মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নভাবে দিকে খেয়াল রাখবে।
তিনি বলেন, মসজিদে প্রবেশের সময় অন্তরে এই কথা রাখবে যে, এটা আল্লাহর ঘর। এখানে অসতর্কভাবে থাকা যাবে না। যখন অন্তরে এই কথা থাকবে, তখন এমনিতেই মসজিদের আদব রক্ষা করা সহজ হয়ে যাবে। আর মসজিদের আদব রক্ষা করলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে।
মসজিদে থেকে রহমত নিয়ে বের হতে হবে, অভিশাপ নিয়ে নয় উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, মসজিদে প্রবেশ করার সময় থেকে মসজিদের আদব-শিষ্টাচারের দিকে খেয়াল রাখবে। মসজিদ থেকে রহমত নিয়ে বের হবে। যখন তুমি মসজিদ থেকে রহমত নিয়ে বের হবে, তখন পরিবেশ, সমাজ, প্রকৃতি সুন্দর হবে।
তিনি বলেন, মসজিদে প্রবেশ করার সময় থেকে মসজিদের আদব-শিষ্টাচারের দিকে খেয়াল না রেখে মসজিদের সাথে কোন বেয়াদবি করা হলে মসজিদ থেকে অভিশাপ নিয়ে বের হবে। যখন তুমি মসজিদ থেকে অভিশাপ নিয়ে বের হবে, তখন তোমার পরিবেশ, সমাজ, প্রকৃতি খারাপ ও নষ্ট হতে থাকবে।
আল্লামা মাসঊদ বলেন, আমরা মসজিদে যাব শুধু নামাজ পড়ার জন্য নয়; এ ছাড়াও মসজিদের আরও যে আদব রযেছে, যেমন- উচ্চৈস্বরে কথা না বলা, নামাজের তাসবিহগুলো নীরবে পড়া, নামাজে এমনভাবে দাঁড়ানো, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ এমনভাবে রাখা, যাতে কারও কষ্ট না হয়। মসজিদে প্রবেশের পর থেকে এসব দিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।


