পাথেয় ডেস্ক (নুহ, মেয়াওত) : মসজিদ থেকে দূরে থাকা উম্মতের অশান্তি, দুশ্চিন্তা ও অস্থিরতার কারণ বলে মন্তব্য করেছেন ভারতের নুহ মসজিদের খতিব মুফতি জায়েদ হুসাইন। তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ শান্তির নীড়। মসজিদ সবার জন্য কল্যাণকর। আর মসজিদ থেকে দূরে থাকার কারণেই উম্মতের দুশ্চিন্তা, অস্থিরতা, অশান্তি দিন দিন বেড়েই চলছে।
মুফতি জায়েদ হুসাইন ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও জেলার নুহ শহরের মেওয়াতে একটি জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ খবরটি দিয়েছে ২৮ আগস্ট মঙ্গলবার ভারতের ডেইলি হামারা সমাজ।
মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন সাইয়্যিদ মাওলানা ফুজাইল, মাওলানা যোবায়ের আহমদ, মুফতি রশিদ আহমদ, মুফতি শরীফ, মুফতি জাবের কাসিমী ও দারুল উলুম দেওবন্দের আরো অনেক উলামায়ে কেরাম।
মুফতি জায়েদ হুসাইন বলেন, মুসলিম হিসেবে মসজিদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। আর কুরআন এ হাদীসে মসজিদ নির্মাণের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। হাদীসে এসেছে, সঠিক নিয়তে মসজিদ নির্মাণ করলে জান্নাতে যাওয়া যাবে। উপস্থিত সবাইকে মসজিদের আদবের ব্যাপারে যত্নশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মওলানা যোবায়ের আহমদ, মাওলানা শরীফ আহমদ ও মাওলানা জাবের আহমদ কাসিমী সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন।
অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি হামারা সমাজ, দিল্লী।
সম্পাদনা : মাসউদুল কাদির


