‘মহানবীর আদর্শ অনুসরণের মধ্যে ইহকাল-পরকালের মুক্তি নিহিত’

‘মহানবীর আদর্শ অনুসরণের মধ্যে ইহকাল-পরকালের মুক্তি নিহিত’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন মন্তব্য করে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মধ্যেই মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিহিত রয়েছে।

শনিবার (৮ অক্টোবর) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর জীবন থেকে শিক্ষাগ্রহণ করে কর্মপন্থা নির্ধারণ করলে আমাদের প্রিয় মাতৃভূমি হয়ে উঠবে উন্নত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও কল্যাণময়।

তিনি বলেন, মহানবী (সা.)-এর বিদায় হজের ভাষণে প্রদত্ত নির্দেশ আমাদের দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত রয়েছে তাকে আরও সুসংহত ও সুদৃঢ় করতে শিক্ষা দেয়।

ফরিদুল হক খান বলেন, বঙ্গবন্ধু বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ১৯৭৩ সালে প্রধান অতিথি হিসেবে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের শুভ উদ্বোধন করে বিশ্বনবী (সা.)-এর আদর্শ প্রচার ও দীনী খেদমতের এক নবদিগন্তের দ্বার উন্মোচন করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের অর্থায়নে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে ঈদে-মিলাদুন্নবী (সা.) পালিত হয়ে আসছে।

পরে প্রতিমন্ত্রী ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৪ হিজরি স্মরণিকা’র মোড়ক উন্মোচন করেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

আলোচক অতিথি হিসেবে বক্তৃতা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ও দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার মুহতামিম শাইখুল হাদিস মাওলানা ইয়াহইয়া মাহমুদ। এছাড়াও অনুষ্ঠানে বিপুলসংখ্যক মুসুল্লি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

এর আগে বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আয়োজিত মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন করেন ধর্মপ্রতিমন্ত্রী। মেলায় ৬৪টি স্টল রয়েছে। এসব স্টলে সব বই ৩৫ শতাংশ কমিশনে পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *