‘মাদক ব্যবসায়ীদের জন্য বিএনপি মহাসচিবের মায়াকান্না চলছে’

‘মাদক ব্যবসায়ীদের জন্য বিএনপি মহাসচিবের মায়াকান্না চলছে’

নিজস্ব প্রতিবেদক : মাদক ব্যবসায়ীদের জন্য বিএনপি মহাসচিবের মায়াকান্না চলছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে আওয়ামী লীগ-বিএনপিসহ যেই অভিযুক্ত হোক, কেউই ছাড় পাবে না। অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের ব্যাপারে বিএনপি মহাসচিবের মায়াকান্নায় কোনো লাভ হবে না।

শনিবার দুপুরে আশুলিয়া মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, রোহিঙ্গাদের সঙ্গে সুনামির মতো দেশে মাদক আসছে। তাই মাদকবিরোধী বিশেষ অভিযানের প্রয়োজন হয়েছে।
মাদকবিরোধী অভিযানে দলীয় সংসদ সদস্য বদির ব্যাপারে আওয়ামী লীগ সম্পাদক বলেন, অপরাধ করে বদির বেয়াই ছাড় পায়নি, অপরাধী বলে প্রমাণিত হলে বদিও ছাড় পাবে না।

বিগত সময়ের তুলনায় এ বছর সড়ক ব্যবস্থা ভালো উল্লেখ করে কাদের বলেন, আব্দুল্লাহপুর থেকে ডিইপিজেড পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এ বছরের অক্টোবর থেকে শুরু হবে। সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পে ফোর লেনের কাজও রয়েছে। চীনা কোম্পানীর অনুমোদন পেলেই কাজটি শুরু হবে।

সড়কে আনফিট গাড়ির ব্যাপারে তিনি বলেন, কোনো আনফিট গাড়ি সড়কে চলাচল করতে পারবে না। আনফিট গাড়ি চলাচল করাতে এবং চাঁদাবাজির সঙ্গে পুলিশসহ যারাই জড়িত থাকবে প্রমাণ পেলে তাদের ব্যাপারেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর, ঢাকা জেলা পুলিশের এএসপি (অপরাধ) সাইদুর রহমান, এএসপি (আশুলিয়া-ধামরাই সার্কেল) খোরশেদ আলম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *