পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মানিকগঞ্জে মাদ্রাসাছাত্র শরিফুল ইসলামকে হত্যার দায়ে সেলিম হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া অপর এক আসামিকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেলিম হোসেন উপজেলার বার্তা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। তবে সাজাপ্রাপ্ত অপর আসামি রাজু (৩০) অনুপস্থিত ছিলেন।
আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ২০১০ সালের ১২ ডিসেম্বর ধারালো ছোরা দিয়ে দাখিল পরীক্ষার্থী শরিফুল ইসলামকে (১৯) গুরুতরভাবে জখম করা হয়। পরে শরিফুলকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শরিফুলের বড়ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে সেলিম হোসেন, তার স্ত্রী নাজমা বেগম ও শ্যালক রাজুসহ মোট ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র থেকে নয় আসামিকে অব্যাহতি দেন। বাকি চার আসামির মধ্যে একজন মারা যান। মামলার শুরু থেকে আসামি রাজু পলাতক রয়েছেন। মামলার অপর আসামি নাজমা বেগমকেও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মথুর নাথ সরকার এবং আসামিপক্ষে ছিলেন প্রবীণ আইনজীবী আবদুল মজিদ এবং শহিদুল ইসলাম। তবে রায়ের প্রতি অসন্তুষ্টি জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম। তিনি জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।


