পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরাজগঞ্জের শাহজাদপুরের গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামের মাদ্রাসাশিক্ষক নজরুল ইসলাম (৪৮) হত্যা মামলায় রুহুল কুদ্দুস (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রুহুল কুদ্দুস শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামের মৃত বাহাদুর সরদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে উপজেলার চন্দনগাতী-গয়হাট্টা আলীম মাদ্রাসার আরবি শিক্ষক নজরুল ইসলামের সঙ্গে আসামি রুহুল কুদ্দুসের কথাকাটাকাটি হয়। এর জেরে ২ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ দাবি করে সে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ওই বছরের ৫ এপ্রিল দুজনের মধ্যে আবারো কথাকাটাকাটি হয়।
এ সময় রুহুল কুদ্দুস ধারালো ছুরি দিয়ে নজরুল ইসলামকে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে আতিকুর রহমান বাদী হয়ে রুহুল কুদ্দুসকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাকে গ্রেফতার করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।


