পাথেয় রিপোর্ট : মানুষকে ভালোবাসার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, যার ভেতরে ইসলাম আছে তিনি মানুষকে ভালোবাসেন। মানুষের জন্য দরদ রাখেন। যিনি মানুষকে ভালোবাসতে জানেন না তিন ইসলামকেই ধারণ করতে পারেন না।
নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতিকে ভালোবাসার ইসলাম উপহার দিয়েছেন উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, ভালোবাসার টানেই দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে মানুষ জড়ো হয়েছেন।
২৩ এপ্রিল সোমবার রাতে মাওলানা হুসাইন আহমদের সভাপতিত্বে রংপুরের ধনতোলা মাদরাসা মিলনায়তনে ইসলাহী মাহফিলে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
ইসলাহী মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় বেফাকের সহসভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ, বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী, ঢাকা সেগুনবাগিচা জামে মসজিদের খতীব মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী।
২৪ এপ্রিল ধনতোলা মাদরাসা থেকে দিনাজপুর যাওয়ার পথে কাহারুল মাওলানা আশরাফ আলী পরিচালিত নূরানী তালীমুল কুরআন মাদরাসায় আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ দা: বা: তাঁর আলোচনায় বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর পরস্পরকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাঁদেরকে নূরের মিম্বারে বসাবেন।
তথ্য সূত্র : আদিল মাহমুদ সম্পাদনা : মাসউদুল কাদির


