পাথেয় রিপোর্ট : বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, মানুষের ক্ষুধা নিয়ে রাজনীতি করবেন না। যে কোন আন্দোলনে গণতান্ত্রিক পথে থাকুন, মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, দ্রব্যমূল্য নিয়েও রাজনীতি করবেন না। নোংরা রাজনীতি পরিহার করে সরকারকে সহযোগিতা করুন।
সোমবার (২৫ নভেম্বর) সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির সূচনা বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে এখনও গণতন্ত্র আছে বলেই বিরোধীদল সংসদে এবং মাঠে ময়দানে কথা বলতে পারছে।
মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের যে গতি সৃষ্টি হয়েছে, তা দক্ষিণ এশিয়ার একটি উৎকৃষ্ট উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ বছর মেয়াদী যে প্রকল্প গ্রহণ করেছিলেন তা শেষ পর্যায়ে। আরো ২০ বছর মেয়াদী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ সব প্রকল্প উপজেলা পর্যায়ে বাস্তবায়ন হবে। এ জন্য এখন থেকে প্রস্তুতি রাখতে হবে বলে তিনি জানান।
কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, পৌরসভার মেয়র হাজী নিজাম উদ্দিন, মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান শওকত হোসেন সাকার, সহ জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের উন্নয়নচিত্র এবং সমস্যা তুলে ধরে বক্তব্য দেন। প্রধান অতিথি মোহাম্মদ নাসিম তাদের বক্তব্য ধৈর্য ধরে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।


