পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মামালার সাক্ষ্য দিতে যাওয়া-ই যে তার মৃত্যু ডেকে আনবে কে জানত! মামলার সাক্ষ্য দিতে গিয়ে খাগড়াছড়িতে পর্যটকবাহী একটি মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন পুলিশের উপ-পরিদর্শক পার্থ রায় চৌধুরী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সদরের গামারীঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটিকে আটক করেছে পুলিশ।
নিহত পুলিশ কর্মকর্তা পার্থ রায় চৌধুরীর বাড়ি রাঙ্গামাটি সদরের তবলছড়ি এলাকায়। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানায় কর্মরত ছিলেন। এর আগে খাগড়াছড়ির সদর ও পানছড়ি থানায় কর্মরত ছিলেন নিহত এস আই পার্থ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, দুর্ঘটনার পর এক মাহেন্দ্র চালক আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আহতের পায়ে ও হাতে গুরুতর জখম ছিল বলে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ রশিদ জানান, সকালে রাঙামাটি থেকে খাগড়াছড়ি আদালতে মামলার সাক্ষী দিতে আসার পথে গামারিঢালা এলাকায় মাইক্রোবাসের সাথে দুর্ঘটনার শিকার হন এস আই পার্থ। পরে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
আটক মাইক্রোবাসটি পর্যটকবাহী ছিল বলে জানান তিনি। মুহম্মদ রশিদ বলেন, গাইবান্ধা থেকে পর্যটবাহী মাইক্রোবাসটি রাঙ্গামাটি হয়ে খাগড়াছড়ি আসছিল।
/এএ


