মার্কেট খোলা রাখতে ব্যবসায়ীদের বিক্ষোভ

মার্কেট খোলা রাখতে ব্যবসায়ীদের বিক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন ব্যাবসায়ীরা।

চট্টগ্রামে মার্কেট খোলা রাখার দাবিতে সোমবার (০৫ এপ্রিল) বিকেলে নগরের নিউ মার্কেট মোড় ও রিয়াজউদ্দিন বাজারের সামনে মিছিল-সমাবেশ করেছেন সহস্রাধিক দোকান মালিক ও কর্মচারী। এই সময় তাঁরা ব্যবসায়ীদের বিরাট ক্ষতি থেকে বাঁচানোর জন্য সরকারের কাছে বিশেষ দাবি জানান।

এদিকে একই দাবিতে দুপুর ১২টায় নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার তামাকুমণ্ডি লেন বণিক সমিতির সভাপতি আবু তালেব বলেন, ‘শতভাগ স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার জন্য আমরা প্রস্তুত। রমজান ও ঈদকে সামনে ব্যবসায়ীরা কোটি কোটি টাকার কাপড়সহ মালামাল তুলেছে। কিন্তু লকডাউনে মার্কেট বন্ধ রাখায় ব্যাবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।গত ঈদেও করোনার কারণে দোকান বন্ধ রাখায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি।

আবু তালেব আরও বলেন, কর্মসূচিতে নগরের প্রায় ১১০ টি মার্কেটের দোকান ও কর্মচারীরা অংশ নিয়েছেন। সব মার্কেটেএর ১০ হাজার দোকানে ৫০ হাজার মালিক কর্মচারী রয়েছেন। এই ঈদে কেনাবেচা করতে না পারলে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। সরকারি অন্য দপ্তরের ন্যায় শতভাগ স্বাস্থ্যবিধি মেনে মার্কেটগুলো খোলা রাখা হোক।

এদিকে বেগমগঞ্জের চৌমুহনীতে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল করেছেন সেখানকার ব্যবসায়ীরা।এই বিক্ষোভ মিছিলে ৬০-৭০ জন ব্যবসায়ী ও দোকান কর্মচারী অংশ নেন। চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির বলেন, গত বছর টানা লকডাউনের কারণে ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই বাধ্য হয়ে এবার তাঁরা রাস্তায় নেমেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *