পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সলিহের আমন্ত্রণে প্রথম ছয়দিনব্যাপী দ্বিপক্ষীয় সফরে বুধবার মালদ্বীপে পৌঁছলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট বুধবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভ্যর্থনা জানান। তাকে এ সময় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে একটি আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে তাকে তার অবস্থানস্থলে নিয়ে যাওয়া হয়।
২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সলিহ। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার ও অন্যান্য আনুষ্ঠানিকতা প্রদান করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা: জাহিদ মালেক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন।
এর আগে বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ভিভিআইপি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
সফরকালে দক্ষিণ এশিয়ার দেশ দু’টির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে। ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্রাসাদে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বি-পক্ষীয় আলোচনা করবেন। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে দু’দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।
শেখ হাসিনা ২৩ ডিসেম্বর বিকেলে মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন। সন্ধায় মালদ্বীপের রাষ্ট্রপতি ও সে দেশের ফাস্ট লেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজ সভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা ২৪ ডিসেম্বর মালেতে প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দিবেন। প্রধানমন্ত্রী ২৭ ডিসেম্বর বিকেলে ঢাকা পৌঁছবেন।
সূত্র : বাসস


