পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি, এফটিএ সই করতে চায় বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সচিবালয়ের নিজ দপ্তরে দ্বিপাক্ষিক এক আলোচনা সভায় এই ইচ্ছার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এতে ঢাকা সফররত মালয়েশীয় প্ল্যান্টেশন, ইন্ডাস্ট্রি ও কমোডিটি বিষয়ক মন্ত্রী দাতুক হাজাহ জুরাইদার নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এফটিএ স্বাক্ষরের ব্যাপারে দুই দেশের আলোচনা বেশ এগিয়েছে। এখন মালয়েশিয়া এগুলেই চুক্তিটি সই করা সম্ভব হবে, তাতে উপকৃত হবে ঢাকা ও কুয়ালালামপুর।
এদেশ থেকে তৈরি পোশাক, পাটজাত পণ্য, প্লাস্টিক, যন্ত্রপাতি ও চামড়াজাত পণ্যসহ নানা ধরনের পণ্য মালয়েশিয়ায় রপ্তানি করা হয়। ২০২০-২০২১ অর্থ বছরে ৩০৬ দশমিক ৫৭ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি আর ১ হাজার ৫৭৬ দশমিক ৮৯ মিলিয়ন ডলারের আমদানি হয়েছে বলে জানান টিপু মুনশি।
‘এ ছাড়া মালয়েশিয়ার পাম ওয়েল, ফার্নিচার, চকলেট, ফলমূলসহ নানা খাদ্যপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এদেশে। এসব পণ্যের কারখানা হতে পারলে অধিক লাভবান হবে দেশটি। এতে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি দিয়ে কম খরচে পণ্য উৎপাদন করা সম্ভব হবে।’
বন্ধু দুই দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদারের কথা উল্লেখ করে মালয়েশীয় মন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করার সুযোগ রয়েছে। তারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী।


