মাশরাফি লড়ছেন বাংলাদেশের জন্য, নেতাকর্মীরা লড়ছেন মাশরাফির জন্য

মাশরাফি লড়ছেন বাংলাদেশের জন্য, নেতাকর্মীরা লড়ছেন মাশরাফির জন্য

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে নড়াইল-২ (লোহাগাড়া) আসনে মহাজোটের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা খেলার মাঠে বাংলাদেশের জন্য লড়ছেন। আর হাজারো মাশরাফি ভক্ত ও নেতাকর্মী ভোটের মাঠে লড়ছেন মাশরাফির জন্য।

নড়াইল প্রতিনিধির পাঠানো সংবাদে জানা যায়, মাশরাফি বিন মর্তুজা খেলার মাঠে থাকলেও হাজারো মাশরাফি ভক্ত তাকে নির্বাচনে জয়ী করতে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। মাশরাফির ভক্ত-সমর্থকদের সাথে নির্বাচনী মাঠে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নড়াইল-২ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভাষ্য, এক মাশরাফি লড়ছেন বাংলাদেশের জন্য। আর হাজারো মাশরাফি ভক্ত ও নেতাকর্মী ভোটের মাঠে লড়ছেন মাশরাফির জন্য।

মাশরাফির ছোটবেলার বন্ধু সুমন দাস বলেন, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ ও ১৯৯৯ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা ছাড়াও কলেজ পড়ুয়া এবং তরুণ সমাজ মাশরাফির জন্য বিভিন্ন এলাকায় স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। এ লক্ষে প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মাশরাফির পক্ষে মতবিনিময়, গণসংযোগ, লিফলেট বিতরণ করছেন তারা। মাশরাফি খেলার মাঠে থাকলেও প্রচার প্রচারণা থেমে নেই।

মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন বলেন, খেলা শেষ করে চলতি মাসের ১৭/১৮ তারিখে নড়াইলে আসতে পারে মাশরাফি। এবার নড়াইলে এসে নির্বাচনী প্রচার-প্রচারণায় থাকবেন বলে জানান তিনি।

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, মাশরাফি দেশের জন্য ক্রিকেট খেলছে। আর নড়াইল জেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে মাশরাফিকে জয়ী করার জন্য বিরামহীন কাজ করছে। সে ভোটের মাঠে না থাকলেও নির্বাচনে তার কোন প্রভাব পড়ছে না। ইতোমধ্যে আউড়িয়া, মাইজপাড়া, শাহাবাদ, হবখালী, তুলারামপুর ও বাঁশগ্রাম ইউনিয়ন এবং নড়াইল পৌরসভা ও লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসভা ও উঠান বৈঠক সম্পন্ন হয়েছে। এ আসনে বিপুল ভোটে নৌকা প্রতীক বিজয়ী হবে।

১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরই এ আসনে আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের ভোটযুদ্ধ শুরু হয়েছে। এখানে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান ও বিএনপির নেতাকর্মী সমর্থকরা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ নিজ দলের পক্ষে ভোট চাইছেন। এছাড়া বিভিন্ন এলাকায় গিয়ে উঠান বৈঠক, কর্মীসভা এবং ছোটখাট জনসভা করছেন। এ আসনে আরো ৫ জন প্রার্থী বিভিন্ন দলের হয়ে লড়ছেন।

তারা হলেন- জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), এনপিপির (ছালু) জেলা সভাপতি মনিরুল ইসলাম (আম), ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দীন (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান (মিনার) এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী (তারা প্রতীক)।

নড়াইল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৩লাখ ১৭হাজার ৫১১জন। পুরুষ ভোটার ১লাখ ৫৬ হাজার ৮৮৭জন এবং মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৬০ হাজার ৬২৪ জন। ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬,২০০১, ২০০৮ এবং ২০১৪ সালের সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক জয়লাভ করে।

http://www.ittefaq.com.bd/assets/gallery/online-edition/13-12-18/204copy.jpg

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *