মিথেন গ্যাস থেকেই মগবাজারে বিস্ফোরণ ঘটেছিলো : তদন্ত কমিটি

মিথেন গ্যাস থেকেই মগবাজারে বিস্ফোরণ ঘটেছিলো : তদন্ত কমিটি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিথেন গ্যাসের উপস্থিতিতেই রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। পুলিশের ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তাদের অনুসন্ধানের প্রথম দিন মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছে। অন্যদিকে, ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানের লক্ষ্যে তদন্তের অংশ হিসেবে আজ (২৯ জুন) প্রথম দিন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার ও তদন্ত কমিটির প্রধান মো. আসাদুজ্জামান সাংবাদিকদের উল্লিখিত তথ্য জানান।

তিনি জানান, গ্যাস ডিটেক্টর মেশিন দিয়ে ঘটনাস্থলে পরীক্ষা চালানো হয়েছে। এতে সেখানে ১২-১৩ শতাংশ মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। বর্তমানে তদন্ত কমিটি গ্যাসের উৎপত্তিস্থল চিহ্নিত করার চেষ্টা করছে।

তদন্ত কমিটির প্রধান মো. আসাদুজ্জামান

এদিকে, ওই বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাজধানীর রমনা থানায় আজ মঙ্গলবার (২৯ জুন) সকালে মামলা করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

তিনি জানান, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় মঙ্গলবার (২৯ জুন) সকালে রমনা থানায় মামলা করেছে পুলিশ।

এর আগে গত রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার ওয়্যারলেস এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭ জন মারা যান এবং অর্ধশতাধিক আহত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *