পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় এজহারনামীয় আসামি করা হয়েছে মির্জা আব্বাসসহ ৪৯ জনকে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও প্রায় ৮০০ জনকে।
মামলার অভিযোগে বলা হয়েছে, মহাসমাবেশ শেষে মির্জা আব্বাসের নেতৃত্বে কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের সামনে বেআইনিভাবে সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান দেয় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হামলাকারীরা। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করে। হত্যার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের সরকারি কাজে বাধা দেয়। এ সময় তারা অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।


