পাথেয় রিপোর্ট : মিয়ানমারের মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সীমান্ত পরিস্থিতি নিয়ে মিয়ানমারের বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করায় বাংলাদেশে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে মংডু পুলিশ পোস্ট এলাকায় বাংলাদেশ সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে মিয়ানমার মিথ্যা অভিযোগ করে। তারই প্রতিবাদে রাষ্ট্রদূতকে তলব করে জবাব চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন ও’কে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কড়াভাষায় লেখা প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়। মিয়ানমার রাষ্ট্রদূত বিকাল ৫টার দিকে মন্ত্রণালয়ে প্রবেশ করেন এবং পৌনে ৬টার দিকে বেরিয়ে আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারের সংবাদপত্রে যে সংবাদগুলি ছাপানো হয়েছে সেগুলি মিথ্যা ও বানোয়াট।
মিয়ানমারের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ২৪ জানুয়ারি ভোরে বাংলাদেশ থেকে একদল সন্ত্রাসী মিয়ানমারে প্রবেশ করে লংগদু শহরের এক পুলিশ চৌকিতে আক্রমণ করেছে।
এদিকে প্রতিবাদলিপিতে বলা হয়, ‘সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে মংডু পুলিশ পোস্ট এলাকায় গত ২৪ জানুয়ারি বাংলাদেশ সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে মিয়ানমারের সাধারণ প্রশাসন বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম যে মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন খবর প্রকাশ করেছে তা বাংলাদেশ সরকারের নজরে এসেছে। এমন খবরে বাংলাদেশ সরকার পুরোপুরি অসন্তুষ্ট।’
রাষ্ট্রদূতকে ডেকে প্রকাশিত এসব খবরের কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে স্পষ্ট ভাষায় জানানো হয়, বাংলাদেশ এ ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনোভাবেই জড়িত নয়। এ বিষয়ে সতর্ক করতেই তলব করা হয়েছে মিয়ানমারের রাষ্ট্রদূতকে।
এর আগে গত ৮ জানুয়ারি আরাকান আর্মি ও আরসা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে মিয়ানমারের রাষ্ট্রপতি কার্যালয়ের মুখপাত্রের দেয়া বিবৃতির কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ।


