মিয়ানমার সংকট সমাধানে নিষ্ক্রিয় আন্তর্জাতিক সম্প্রদায়: জাতিসংঘ

মিয়ানমার সংকট সমাধানে নিষ্ক্রিয় আন্তর্জাতিক সম্প্রদায়: জাতিসংঘ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ বলেছে সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।

আগামী ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের এক বছর পূর্ণ হতে চলেছে। দিনটিকে সামনে রেখে শুক্রবার মিয়ানমার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এ কথা বলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলেট।

তিনি বলেন, সেনা অভ্যুত্থানের এক বছরে মিয়ানমারের জনগণকে চড়া মূল্য দিতে হচ্ছে। তাদের জীবনযাপন ও স্বাধীনতার ওপর প্রভাব পড়েছে। তিনি মনে করেন সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। খবর এএফপির।

মিশেল ব্যাশেলেট মিয়ানমারের জনগণের ওপর সহিংসতা বন্ধ করে দ্রুত বেসামরিক শাসন প্রতিষ্ঠায় দেশটির জান্তার ওপর চাপ জোরালো করতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন।

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল ব্যাশেলেট বলেন, মিয়ানমারে মানবাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জরুরি ভিত্তিতে ও নতুন করে প্রচেষ্টা শুরু করার এখনই সময়। মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের ঘটনায় দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে।

মিয়ানমারে মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখতে জান্তাকে বোঝানোর জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের পক্ষ থেকে খুব বেশি পদক্ষেপ নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারে নাগরিক স্বাধীনতার পক্ষের লোকজনের সঙ্গে কথা বলার সময় এসব মানুষ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন তাঁদের ছেড়ে না যায়।

ব্যাশেলেট বলেন, ‘আমি এ অঞ্চলের ও বাইরের বিভিন্ন দেশের সরকার ও অন্যদের প্রতি এ আকুতি শোনার আহ্বান জানাচ্ছি।’

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর মানবাধিকার পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে, তার বিস্তারিত উল্লেখ করে আগামী মার্চে ব্যাশেলেটের কার্যালয় থেকে একটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *