নিজস্ব প্রতিবেদক ● মুক্তামনির সফল অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন বলে জানালেন সামন্ত লাল সেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি হয়েছেন। অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত সব চিকিৎসকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার আলী লেনিন আমাকে ফোন করে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী ধন্যবাদ দেওয়ার কথা বলেছেন। তিনি আমাকে বলেছেন, প্রধানমন্ত্রী মুক্তামনির সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। সফল অস্ত্রোপচার হওয়ায় তিনি খুব খুশি হয়েছেন।
শনিবার সকাল সাড়ে আটার দিকে মুক্তামনির অস্ত্রোপচার শুরু হয়। ২০ জন চিকিৎসকের একটি দল অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার করে তার হাত থেকে ৩ কেজি মাংসপি- ফেলে দেওয়া হয়েছে। এগুলো পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সকাল ৮টার দিকে তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়। সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসকরা ওটিতে প্রবেশ করেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা তার অপারেশন করেন। গত ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় মুক্তামনিকে। এতদিন মুক্তামনির রোগটিকে বিরল রোগ বলা হলেও ৫ আগস্ট বায়োপসি করার পর জানা যায় তার রক্তনালীতে টিউমার হয়েছে। যেটাকে চিকিৎসা বিজ্ঞানে হেমানজিওমা বলছেন।


