পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর মুগদায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে মুগদা আইডিয়াল স্কুলের সামনে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক। তিনি জানান, মুগদা মেডিকেল কলেজের সামনের মিডলাইন পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল জানিয়েছে, চলমান অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার সকাল পর্যন্ত ২৭ ঘণ্টায় সারা দেশে অন্তত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা মহানগরীতে (পোস্তগোলা, খিলগাঁও, বারিধারা) চারটি, ঢাকা বিভাগে (সাভার, গাজীপুর) ছয়টি, চট্টগ্রাম বিভাগে (কর্ণফুলী, রাঙ্গুনিয়া) তিনটি এবং রাজশাহী বিভাগে (বগুড়া, সিরাজগঞ্জ) তিনটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল বলেছে, নয়টি বাস, দুটি কাভার্ড ভ্যান, দুটি ট্রাক, একটি পিকআপ ভ্যান, দুটি কমার্শিয়াল প্রোডাক্ট শোরুম ও একটি পুলিশ বক্স পুড়ে গেছে।


