পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুজাফফর নগরের নাম পরিবর্তন করে লক্ষ্মীনগর রাখা হবে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সোম। তিনি বলেন, মুজাফফর নগরের ছাড়াও শহরের আরো অনেক নাম পরিবর্তন করা হবে।
পার্সটুডে সূত্রে জানা যায়, ১০ নভেম্বর শুক্রবার ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সোম গনমাধ্যমে এই বিবৃতি দিয়েছেন।
ভারতের উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও তেলেঙ্গানা রাজ্যে হিন্দুত্ববাদী বিজেপি নেতারা বিভিন্ন ঐতিহাসিক স্থানের নাম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছেন। বর্তমানে বিজেপিশাসিত উত্তর প্রদেশে এরইমধ্যে এলাহাবাদ শহরের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ, ফৈজাবাদ জেলার নাম অযোধ্যা এবং মুঘলসরাই স্টেশনের নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে নামকরণ করেছে।
সঙ্গীত সোমের দাবি, মুগল শাসকরা দেশের সভ্যতা ও সংস্কৃতি নির্মূল করার কাজ করেছেন। তাঁরা মৌলবাদের নামে, হিন্দুত্বকে শেষ করার কাজ করেছেন। অনেক আগে থেকে মুজাফফর নগরের নাম পরিবর্তন করার দাবি জানিয়ে আসছেন মানুষজন।’ তিনি বলেন, ‘মুজাফফর আলী নামে এক নবাব মুজাফফর নগর নাম দিয়েছিলেন। এবার তাঁরা নিজেদের সংস্কৃতিকে রক্ষা করতে ও তা পুনরায় ফিরিয়ে আনার জন্য কাজ করছেন।
অন্যদিকে, বিজেপিশাসিত মহারাষ্ট্রে হিন্দুত্ববাদী শিবসেনা আওরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে শাম্ভাজিনগর ও ওসমানাবাদের নাম পরিবর্তন করে ধরাশিব রখার দাবি জানিয়েছে। শিবসেনা নেতা সাংসদ সঞ্জয় রাউত এমপি ওই দাবি জানিয়েছেন। এছাড়া তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি. রাজা সিং ঐতিহাসিক হায়দ্রাবাদ শহরের নাম পরিবর্তন করে ভাগ্যনগর রাখার পক্ষে সাফাই দিয়েছেন।
এপ্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘ভাষা ও চেতনা’ সমিতির সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সী কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক শনিবার রেডিও তেহরানকে বলেন, ‘বিজেপি ভারতের সংস্কৃতি, ভারতের বহুত্ববাদী চিন্তা, বহুধর্মের সমন্বয় ও পরমতসহিষ্ণুতার নীতি থেকে বিচ্যুত হয়েছে। তাঁরা এখন নামপন্থি হয়েছেন, আগে তাঁরা নিজেদেরকে কামপন্থি (কাজপন্থি) বলেছিলেন। কাম (কাজ) করতে পারছেন না তাই নামগান শুরু হয়েছে। বিজেপি মানুষকে দেয়া কোনো প্রতিশ্রুতিই পালন করতে পারেনি। পনের লাখ টাকা ব্যাঙ্ক একাউন্টে দেয়ার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, বিদেশ থেকে কালো টাকা দেশে ফেরেনি, জিনিসের দাম পঁচিশ শতাংশ কমার কথা থাকলে তা কোথাও কোথাও চারশ’গুণ বেড়ে গেছে।’ আসলে নাম পাল্টে কোনো কাজ হয় না, তাঁদের কাজ পাল্টানো উচিত বলেও অধ্যাপক ড. ইমানুল হক বলেন।
মুজাফফর নগরের নাম পরিবর্তন করে লক্ষ্মীনগর রাখা হবে। এছাড়া অনেক শহরের নাম পরিবর্তন করা হবে।


