পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলমানদের উপেক্ষা করে ভারতের সার্বিক উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় সভাপতি, জানেশীনে ফিদায়ে মিল্লাত, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।
তিনি বলেছেন, বর্তমানে মুসলমানদের উপর আক্রমণ ট্রেন্ড হয়ে দাড়িয়েছে। যেখানে সেখানে মুসলমানদের উপর জুলুম-নির্যাতন করা হচ্ছে। উচ্ছেদের নাম করে মুসলমানদের উপর বর্বরোচিত হামলা চালানো হচ্ছে। মুসলমানদের উপর এভাবে নির্যাতন চালিয়ে ভারতের উন্নতি করা সম্ভব নয়।
শনিবার (১১ ডিসেম্বর) কলকাতার বাকরা জমিয়ত ভবনে দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জমিয়ত নেতা বলেন, ‘স্বাধীনতা আন্দোলনে ও দেশভাগের সময় জমিয়তে উলামায়ে হিন্দ তার দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছে। বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। দয়ার নবী সা. কে প্রকাশ্যে অবমাননা করা হলেও দোষীদের শাস্তি দেওয়া হয়নি। মুসলমান ও তাঁদের ধর্মীয় পরিচিতির উপর আক্রমণ ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এহেন পরিস্থিতি মােকাবিলায় জমিয়তে উলামায়ে হিন্দকে এগিয়ে আসতে হবে।’
এক বিবৃতিতে জমিয়তে উলামা জানিয়েছে, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য অন্য ধর্মের অপব্যবহার এবং মুসলমানদের বিরুদ্ধে রাষ্ট্রপোষিত বিদ্বেষমূলক অভিযান দেশদ্রোহিতার শামিল।
দুদিনের কেন্দ্রীয় বৈঠক শেষে জমিয়তে উলামা জানায়, ক্ষমতাসীন দলের জানা দরকার যে, মুসলমানদের বিরুদ্ধে গৃহীত ঘৃণ্য তথা নিন্দনীয় কর্মকাণ্ডের ফলে দেশের উন্নতি ব্যাহত হয়। মুসলমানদের উপেক্ষা করে এ দেশের সমৃদ্ধি ও উন্নতি সম্ভবপর নয়। তাই আশু প্রয়ােজন, এই নেতিবাচক আচরণ পরিত্যাগ করে দেশের কল্যাণের সম্ভাবনার সঙ্গে সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিশাসের বাতাবরণ অটুট রাখা। নয়তাে দেশ ও জাতি ভয়াবহ ক্ষতির শিকার হবে।

সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা দেশপ্রেমিক ও ন্যায়পরায়ণ ব্যক্তি, গােষ্ঠী ও সংস্থার কাছে আবেদন জানাচ্ছি যে, উগ্ন ও প্রতিক্রিয়াশীল রাজনীতি বর্জন করে একজোট হয়ে কট্টরপন্থী ও ফ্যাসিস্ট শর্তিসমূহকে সামাজিক ও রাজনৈতিক পর্যায়ে মােকাবিলা করে দেশে সম্প্রীতি-সৌভাতৃত্ব গড়ে তােলার জন্য প্রচেষ্টা চালান।
দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ জমিয়তের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, কেন্দ্রীয় সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসেমী, দারুল উলুম দেওবন্দের উপাচার্য মুফতি আবুল কাসিম নােমানি-সহ দেশের বহু আলেম-উলামা।


