পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে ক্ষমতাসীন দল বিজেপি সরকারের কড়া সমালোচনা করলেন দেশটির অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট-এর (এআইইউডিএফ) প্রধান, ভারতের আসাম রাজ্যের মুসলিম সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল। তার বক্তব্য, বিজেপি শাসনে ভারতের মুসলিমদের নিশানা করা হচ্ছে।
মাওলানা বদরুদ্দিন বলেন, বিজেপি মুসলিমদের ভারতীয় নাগরিক মনে করে না। মুসলিমদের মানুষ বলেও গণ্য করা হয় না, তারা মুসলিমদের কীটপতঙ্গ মনে করে।
এছাড়া এই নেতা ভারতের উত্তরপ্রদেশসহ বিভিন্ন রাজ্যে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তার অভিযোগ, মুসলিমদের ওপর অত্যাচারের জন্য পুলিশকেও নির্দেশ দেওয়া রয়েছে। সাম্প্রতিক সময়ে মুসলিম নির্যাতনের ঘটনা সামনে এলেও, কোনও তদন্ত হয়নি। উলটো নির্যাতনকারীদের প্রশংসা জুটেছে।
‘ক্ষমতা আজ আপনাদের হাতে রয়েছে। আগামীকাল যে কারও হাতে চলে যেতে পারে। তাই বলছি, ভালোভাবে দেশ চালান’, বলেন মাওলানা বদরুদ্দিন আজমল।
সেইসঙ্গে মাওলানা আজমল বলেন, বিজেপি যে পদ্ধতিতে কাজ করছে, তাতে তারা নিজেরাই খুব শিগগির ফাঁদে পড়বে। ইতিমধ্যেই বিশ্বজুড়ে নিন্দিত হতে শুরু করেছে।
সূত্র : ইন্ডিয়া টুডে


