‘মুসলিম উম্মাহ ভাই ভাই, ঐক্যবদ্ধ থাকার আহ্বান’
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জমিয়তে উলামা হিন্দের সভাপতি, দারুল উলূম দেওবন্দের সদরুল মুদাররিসীন, আওলাদে রাসূল আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী বলেন, মুসলিম উম্মাহ পরস্পর ভাই ভাই। একজন আরেক জনের প্রতি সম্প্রীতি-ভালোবাসা, সহানুভূতি ও সহযোগিতার হাত সম্প্রসারিত করতে হবে।
তিনি বলেন, মুসলিমরা পৃথিবীর যেকোনো দেশের অধিবাসী, যেকোনো ভাষাভাষী হোক না কেন, তারা এক ও অবিচ্ছেদ্য, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তাই তারা একে অন্যের প্রতি জুলুম করবে না, একে অন্যকে তিরস্কার করবে না। যে তার ভাইয়ের প্রয়োজন মেটাবে আল্লাহ পাক তার প্রয়োজন মেটাবেন। যে অন্য মুসলিম ভাইয়ের দুঃখ-কষ্ট যে লাঘব করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দুঃখ-কষ্ট দূর করবেন।
শনিবার (১৩ মার্চ) জোহরের নামাজের আগে উত্তরা ৬ নাম্বার সেক্টর পার্ক মসজিদে বয়ানে দারুল উলূম দেওবন্দের সদরুল মুদাররিসীন এসব কথা বলেন।
ইখলাসের সাথে সৎকর্ম ও দান-সদকা করতে হবে উল্লেখ করে জমিয়তে উলামা হিন্দের সভাপতি বলেন, নিয়তের বিশুদ্ধতাই হলো ইখলাস। যে কোনো সৎকর্ম আল্লাহতায়ালাকে খুশি করার উদ্দেশ্যে করতে হবে। নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত সদকাসহ সব ধরনের ইবাদত কিংবা ভালো কাজ শুধু আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আদায় করতে হবে। সব ক্ষেত্রে ভালো ফল লাভের জন্য আল্লাহর ওপর ভরসা করতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্যে আসার জন্য অপেক্ষা করতে হবে।
দারুল উলূম দেওবন্দের সদরুল মুদাররিসীন বলেন, ইখলাসের সাথে সৎকর্ম ও দান-সদকা না করলে কিয়ামতের দিন তা কোন কাজে আসবে না! হাশরের ময়দানে একব্যক্তির জাহান্নামের ফায়সালা হবে। তখন সে আল্লাহকে বলবে, ‘আল্লাহ আমি তো অনেক দান-সদকা করেছি। আমার এই দান-সদকার সওয়াব কোথায়?’ তখন আল্লাহ বলবেন, ‘তুমি আমার জন্য, আমাকে খুশি করার জন্য দান-সদকা করোনি, তুমি লোক দেখানোর জন্য করেছো। সেটা দুনিয়াতেই হয়ে গেছে। এখন তার কোন বিনিময় তুমি পাবে না, কারণ তোমার ইখলাস ছিল না!
আল্লামা আরশাদ মাদানী বলেন, আল্লাহ তাআলা লোক দেখানো ইবাদত ও দান-সদকা পছন্দ করেন না। তাই কোন কাজের আগেই নিয়ত বিশুদ্ধ হওয়া চাই। যে ব্যক্তি নিয়ত বিশুদ্ধ করে প্রতিবেশীদের খবর নেবে, দান-সদকা করবে, কিয়ামতের দিন তার চেহারা নূরে ঝলঝল করবে।


