ক্রীড়া ডেস্ক : ফুটবল ও ক্রিকেটে শিরোপা ফয়সলা হওয়ার পর শ্যাম্পেন ছিটিয়ে উদযাপন বহু পুরাতন রীতি। তবে এক্ষেত্রে বিপাকে পড়েন মুসলিম খেলোয়াড়রা। কারণ ইসলামে অ্যালকোহল নিষিদ্ধ। ইংলিশ ফুটবলের লিগগুলোতে এমন উদযাপন নিয়ে এর আগেও নানা আলোচনা হয়েছে। এবার শিরোপা উদযাপনে অ্যালকোহল নিষিদ্ধ করছে এফএ কাপ কর্তৃপক্ষ।
ওয়েম্বলিতে আগামী ১৮ মে ওয়াটফোর্ডের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে ম্যাঞ্চেস্টার সিটি। দুটি দলেই উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ফুটবলা আছে। ডেইলি মেইল জানিয়েছে, সংস্থাটির আভ্যন্তরীণ আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে, ভবিষ্যতে এফ এ কাপের বিজয়ীদের হাতে আর শ্যাম্পেনের বোতল তুলে দেওয়া হবে না। তবে অ্যালকোহল মুক্ত শ্যাম্পেন দিয়ে উদযাপনেরও একটা প্রস্তাব আছে। যাতে ভিন্ন ধর্মালম্বীদের সমস্যাও না হয়, আর উদযাপনও ঠিক থাকে।
ম্যান সিটির ফুটবল তারকা রহিম স্টার্লিং এর আগে ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। কোনো দর্শক যাতে বর্ণবাদী আচরণ করতে না পারে সে ব্যাপারেও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে এফএ। ২০১২ সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে পুরস্কার হিসেবে অ্যালকোহলযুক্ত শ্যাম্পেন দেওয়া বন্ধ হয়েছে। এফএর একজন মুখপাত্র বলেছেন, ‘এবছর থেকেই এফ এ কাপের ফাইনালে অ্যালকোহলমুক্ত শ্যাম্পেন উপহার হিসেবে প্রদান করা হবে। এর দ্বারা প্রমাণ হয় আমার সকল সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল।’


