পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মেক্সিকোর পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় গ্রেস আঘাত হেনেছে। ঝড়ো বাতাস আর ভারী বৃষ্টিপাতে ভূমিধসের ঘটনায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে।
ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় শনিবার ঘণ্টায় ২০১ কিলোমিটার গতিবেগে আঘাত হানে। দেশটির রাজ্যের সরকার জানায়, গ্রেসের কারণে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভেরাক্রুজ-এর রাজধানী জালাপাতে ভূমিধসে একই পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়েছে।
দেশজুড়ে এখনও রাষ্ট্রীয় জরুরি সতর্কতা বহাল রয়েছে। স্থানীয় টেলিভিশনের খবরে দেখানো হয়েছে, অতি বৃষ্টিতে সৃষ্টি বন্যায় জালপালা শহরের পথ-ঘাট পানিতে তলিয়ে গেছে। শহরের কাছে অক্টোপ্যান নদীর তীর ভেঙে স্থানীয় একটি হাইওয়ে প্লাবিত।
ঘূর্ণিঝড়ের দাপটে অনেক জায়গার গাছ ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বন্যায় তলিয়ে যাওয়ায় ভবন এবং গাড়ি ক্ষতিগ্রস্তের দৃশ্য প্রকাশ হয়েছে।
বেশ কিছু জায়গায় বন্যার পানিতে প্লাবিত থাকায় সেখানকার মানুষকে উদ্ধারে প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। চলতি বছরের মধ্যে মেক্সিকোতে এখন পর্যন্ত এটিই শক্তিশালী ঝড়।


