মেক্সিকোয় কারাগারে সশস্ত্র হামলা, নিহত ১৪

মেক্সিকোয় কারাগারে সশস্ত্র হামলা, নিহত ১৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মেক্সিকোর উত্তরাঞ্চলের সিউদাদ জুয়ারেজ শহরে একটি কারাগারে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কারাগার থেকে পালিয়েছেন ২৪ বন্দি। ওই কারাগারে বিভিন্ন অপরাধী দল ও মাদক চক্রের সদস্যরা রয়েছেন।

স্থানীয় সময় রবিবার (১ জানুয়ারি) সকাল ৭টার দিকে কারাগারটিতে হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এএফপি।

মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় কারাগারে হামলার খবর নিশ্চিত করেছে

প্রসিকিউটরের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, কয়েকটি গাড়িতে করে বেশ কয়েকজন বন্দুকধারী হামলায় অংশ নেন। হামলার একপর্যায়ে বন্দীরাও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

নিহতদের মধ্যে কারাগারের নিরাপত্তার দায়িত্বে থাকা ১০ কর্মকর্তা রয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ১৩ জন। এদিকে ২৪ বন্দী কীভাবে কারাগার থেকে পালিয়েছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি প্রসিকিউটরের কার্যালয়ের বিবৃতিতে। কী কারণে এই হামলা চালানো হয়েছে তা-ও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, কারাগারে হামলার আগে কয়েকজন বন্দুকধারী কাছেই সিউদাদ জুয়ারেজ শহরের পুলিশের ওপর হামলা চালায়। পরে ওই বন্দুকধারীদের গাড়িগুলোকে ধাওয়া করে পুলিশ। শেষ পর্যন্ত হামলাকারীদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়। আটক করা হয় তাদের একটি গাড়ি। পরে বন্দুকধারীদের অপর একটি দল কারাগারের বাইরে নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *