মেয়র ওসমান গণির দাফন সম্পন্ন

মেয়র ওসমান গণির দাফন সম্পন্ন

পাথেয় রিপোর্ট : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গণির মরদেহ ঢাকায় নিয়ে অাসা হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে আজ দুপুর ঢাকায় আনা হয় তাকে।

২৩ সেপ্টেম্বর, রবিবার বেলা পৌনে ১২টার দিকে ওসমান গণির কফিনবাহী ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় তার স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন। শোকাগ্রস্থ অনেকেই তখন কান্নায় ভেঙ্গে পড়েন।

এদিকে জানাজার বিষয়ে জানতে চাওয়া হলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে ওসমান গণির প্রথম জানাজা হবে। এরপর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের জনগণের জন্য তাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকবে। বাদ আসর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে ওসমান গণির দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন ডিএনসিসির এ কর্মকর্তা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর, শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গণি। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন।

জানা গেছে, এর আগে গত জুলাইয়ে গুরুতর অসুস্থ হলে ওসমান গণিকে বারডেম হাসপাতালে নেয়া হয়। সেখানে চেকআপ করালে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। এর পরপরই গত ১৪ আগস্ট ছুটি নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। তখন থেকেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ওসমাণ গণি।

পরবর্তীতে গত মঙ্গলবার রাতে আবার শ্বাসকষ্ট শুরু হলে তাকে পুনরায় হাসপাতালে আনা হয়। পরে অবস্থা আরো শোচনীয় হলে তাকে নেয়া হয় আইসিইউতে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২২ সেপ্টেম্বর শনিবার মারা যান তিনি।

ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গণি বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মেয়র আনিসুল হক অসুস্থ হওয়ার পর তাকে প্রধান করে তিন সদস্যের প্যানেল মেয়র মনোনয়ন দেয় সরকার। ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর মেয়রের দায়িত্ব নিয়েছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *