মেয়াদোত্তীর্ণ ওষুধ  বিক্রি বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

পাথেয় রিপোর্ট : রাজধানীর ফার্মেসিতে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ নিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়কে কমিটি করে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে। মঙ্গলবার এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গতকাল সোমবার করা ওই রিটে ঢাকার ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হয় উল্লেখ করে তা বন্ধের নির্দেশনা চাওয়া হয়। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

গত ১০ জুন ফার্মগেটের খামারবাড়িতে আ কা মু গিয়াস উদ্দিন মিলকী মিলনায়তনে বিশ্ব নিরাপদ খাদ্য দিবসের এক অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেছিলেন, ঢাকার প্রায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে।

ওই অনুষ্ঠানে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার আরও বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এই প্রতারণা রোধে অধিদপ্তরের পক্ষ থেকে সারা দেশেই তদারকি টিম গঠন করা হয়েছে। কখনও ক্রেতা সেজে, আবার কখনও ঝটিকা অভিযানের মাধ্যমে ফার্মেসিগুলোর কার্যক্রমে নজরদারি করা হচ্ছে।

‘ঢাকায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ’ শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত এই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ডিএমপি কমিশনারকে বিবাদী করা হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *