মোংলা বন্দরে সতর্কতা, চলছে স্বাভাবিক কার্যক্রম

মোংলা বন্দরে সতর্কতা, চলছে স্বাভাবিক কার্যক্রম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঘূর্ণিঝড় দানা বুধবার বেলা ১২টায় মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। দানার প্রভাবে মোংলা বন্দরে সতর্কতার সঙ্গে চলছে স্বাভাবিক কার্যক্রম।

মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভুইঁয়া বলেন, ‘ঘূর্ণিঝড় দানার প্রভাব বিষয়ে মঙ্গলবার মোংলা বন্দরের চেয়ারম্যানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন এবং নিজ নিজ নিরাপত্তা বজায় রেখে কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। পাশাপাশি বন্দরে আসা জাহাজসহ নৌযানকে নিরাপদ জায়গায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।’

খুলনা অঞ্চলের উপকূলীয় এলাকা সকাল থেকেই মেঘাচ্ছন্ন। বুধবার বেলা ১১টায় জেলার কয়রায় বৃষ্টি শুরু হয়। খুলনায় ১১টা থেকে মেঘাচ্ছন্ন হয়ে বেলা ১২টায় বৃষ্টি শুরু হয়। তুমুল বৃষ্টির পর খুলনায় গুমোট পরিবেশ তৈরি হয়। বিকাল ৩টা পর্যন্ত খুলনায় ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। মোংলা, চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, ‘ঘূর্ণিঝড় দানার প্রভাবে খুলনা শহরে বেলা ১২টা থেকে বৃষ্টি শুরু হয়। পরে ভারী বর্ষণ হয়। বেলা ১১টা থেকেই শহর মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। বিকাল ৩টা পর্যন্ত খুলনায় ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে উপকূলীয় এলাকায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি আরও বাড়তে পারে। বর্তমানে ঘূর্ণিঝড় দানা মোংলা থেকে ৬৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বর্তমান অবস্থান অনুযায়ী ঘূর্ণিঝড় ভারতের উড়িষ্যার ওপর দিয়ে যাবে। এই সময়ে উপকূলীয় এলাকায় বৃষ্টি হবে।

এদিকে, পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে এটি পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। এর পরই রাজ্যটিতে টানা চার দিন শিক্ষা প্রতিষ্ঠান এবং একদিনের জন্য রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো এই খবর জানিয়েছে।

Related Articles