পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবার ভারতের আগ্রার মোগল মিউজিয়ামের নাম বদলে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। এর আগে মুঘলসরাই স্টেশন, প্রয়াগরাজ, এলাহাবাদ, লখনৌ স্টেডিয়ামের নাম বদলে দিয়েছেন তিনি।
জানা গেছে, মারাঠি সম্রাট ছত্রপতি শিবাজির নামে এই যাদুঘরটির নতুন নাম হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম।
২০১৬ সালে উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তাজমহলের কাছে এই যাদুঘর, পর্যটকদের জন্য রেস্তোরাঁ, স্ট্রিট ক্যাফে, ওরিয়েন্টেশন সেন্টার এবং তাজ হেরিটেজ সেন্টার প্রকল্পের সূচনা করেন।
আগ্রার তাজমহল থেকে মাত্র এক কিলোমিটার দূরে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ তৈরি করতে চেয়েছিলেন তিনি। এই যাদুঘর তৈরির কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৭ সালের মধ্যে।
তবে সরকারি অর্থ বরাদ্দে ঢিলেমি এবং যে জমিতে এই যাদুঘর তৈরি হওয়ার কথা ছিল, সেখানে উত্তরপ্রদেশের বিদ্যুৎ দপ্তরের একটি অফিস থাকায় কাজ শেষ হতে বিলম্ব হয়।
শেষ পর্যন্ত ২০১৯ সালে যোগি আদিত্যনাথের সরকার এই প্রকল্পের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু তৈরি হওয়ার আগেই যাদুঘরটির নাম বদলে ফেলেন যোগি আদিত্যনাথ।
সোমবার এক প্রশাসনিক রিভিউ মিটিংয়ে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ ওই যাদুঘরের নাম বদলের সিদ্ধান্ত নেন। সরকারি কর্মকর্তাদের তিনি জানিয়েছেন, মোগলরা আমাদের আদর্শ হতে পারে না। তাই, এই যাদুঘরের নাম হবে ছত্রপতি শিবাজির নামে।
প্রশাসনিক বৈঠক শেষে টুইটারে নাম বদলের কথা ঘোষণা দেন যোগি। তিনি বলেন, আগ্রার নতুন যাদুঘরের নাম হবে শিবাজি মহারাজের নামে। আপনাদের নতুন উত্তরপ্রদেশে দাসত্বের মানসিকতার কোনো চিহ্ন থাকবে না। ছত্রপতি শিবাজি মহারাজ আমাদের হিরো। জয় হিন্দ, জয় ভারত।
সূত্র : ফ্রি প্রেস জার্নাল


