মোটরচালিত রিকশা নিষিদ্ধ করলো সরকার

মোটরচালিত রিকশা নিষিদ্ধ করলো সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশে মোটরচালিত রিকশা নিষিদ্ধ করেছে সরকার। রোববার (২০ জুন) সড়কে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বিষয়টি অবহিত করেছেন ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে আমরা আর কোনো ছাড় দিতে চাই না। এ ব্যাপারে প্রয়োজনীয় সুপারিশ করতে একটি কমিটি গঠন করা হয়েছিল। তারা মোট ১১১টি সুপারিশ করেছে। সবচেয়ে গুরুত্ব দিয়ে বলা হয়েছে মোটরচালিক রিকশা নিষিদ্ধের ব্যাপারে। তাই এবার আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো।

আসাদুজ্জামান খান কামাল বলেন, শুরুতে ঢাকা শহরে অল্প কয়েকটা রিকশা এভাবে মোটর লাগিয়ে রাস্তায় নেমেছিল। আমরা লক্ষ্য করলাম, খুব দ্রুত বেড়ে যাচ্ছে এমন রিকশার সংখ্যা এবং এগুলো বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে নেমে পড়েছে। এখন তো গ্রাম-গঞ্জেও দেখা যায় মোটরচালিত রিকশা।

মন্ত্রী বলেন, মোটর লাগানোর কারণে এই রিকশাগুলো স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ-তিনগুণ গতিতে চলে। এগুলোর পেছনের চাকায় কোনো ব্রেক থাকে না। তাই গতি অবস্থায় হঠাৎ করে যখন সামনের ব্রেক চাপা হয়, তখন উল্টে যায় রিকশাটি। হাইওয়েতে এমন ঘটনা ঘটলে সেটা মারাত্মক দুর্ঘটনায় রূপ নেয়।

ইদানীং ভ্যানের মধ্যেও এই মোটর লাগানো শুরু হয়েছে। রিকশার সঙ্গে সেগুলোও নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। এছাড়া নছিমন, করিমন, ভটভটি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। আরও কিছু সময় পর্যবেক্ষণ করে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। জেলা শহর থেকে শুরু করে প্রান্তিক এলাকায় অধিকাংশ দুর্ঘটনা ঘটছে এই যানগুলোর কারণে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *