মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মৌলভীবাজারের জুড়ীতে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে মো. জমির আলী (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহীও।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালাড়ী (হালগরা) বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত বীর মুক্তিযোদ্ধা মো. জমির আলী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালাড়ী (হালগরা) নিবাসী।

প্রত্যক্ষদর্শী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জমির আলী হালগরা বাজার মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে মসজিদ সংলগ্ন রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান। মোটরসাইকেলচালক গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া চা বাগানের গোয়ালবাড়ী লাইনের বাসিন্দা ইনছান আলীর ছেলে শাহীন আহমদ (২৪) সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক জমির আলীকে মৃত ঘোষণা করেন এবং শাহিনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠান।

এদিকে নিহত ও আহত ব্যক্তির স্বজনরা অভিযোগ করেন- হাসপাতালে কোনো ডাক্তার ছিল না, ন্যূনতম কোনো চিকিৎসা সেবা না পেয়ে তার মৃত্যু হয়।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। পরিবারের সম্মতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *