পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঐতিহাসিক জয়ের পর নিয়ম মেনে ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদি। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করলেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
একসময়ে মাত্র ২ জন সংসদ সদস্যের দল বিজেপি এবার একাই ৩০৩টি আসন নিয়ে প্রত্যাবর্তন করেছে। এমন জয়ের যাবতীয় কৃতিত্ব প্রাপ্য একজনেরই। তিনি নরেন্দ্র দামোদারদাস মোদি। প্রার্থীরা হয়ে উঠেছেন গৌণ। প্রধানমন্ত্রীর চেয়ারে নমোকে চেয়ে ভোট দিয়েছে ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী।
ফের ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তন করতে চলেছেন নরেন্দ্র মোদি। কিন্তু আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণের আগে ইস্তফা দেওয়া রীতি। সেই রীতি মেনেই শুক্রবার রাষ্ট্রপতিভবনে যান নরেন্দ্র মোদি। নিজের ইস্তফাপত্র সঁপে দেন রামনাথ কোবিন্দকে। তা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তার আগে মন্ত্রিসভাও ভেঙে দেওয়া হয়েছে। শপথগ্রহণের আগে পর্যন্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের কাজকর্ম চালানোর অনুরোধ করেছেন কোবিন্দকে।


