মৌলভীবাজারে গুলি-বিস্ফোরণের শব্দ, নিরাপত্তায় মাইকিং

মৌলভীবাজারে গুলি-বিস্ফোরণের শব্দ, নিরাপত্তায় মাইকিং

নিজস্ব প্রতিবেদক ● মৌলভীবাজারে সন্দেহে থাকা দুটি জঙ্গি আস্তানার মধ্যে একটির কাছ থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনার তথ্য পাওয়া গেছে। বাড়ির আশপাশ থেকে স্থানীয় লোকদের নিরাপদ দূরত্বে থাকতে মাইকিং চলছে। সন্দেহজনক এই জঙ্গি আস্তানা মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর এলাকায় অবস্থিত। মঙ্গলবার রাত থেকে কথিত এই জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রায় একই সময় থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত সন্দেহজনক আরেকটি জঙ্গি আস্তানা ঘিরে রাখা হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বুধবার সকালে বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে পৃথক দুটি স্থানে দুটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।

দুটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। নাসিরপুর গ্রামের আনকার মিয়া সকালে বলেন, ফজরের নামাজ আদায় করতে ভোররাতে ঘুম থেকে ওঠেন তিনি। তখন থেকে থেমে থেমে বেশ কয়েকবার গুলির শব্দ শুনেছেন।

স্থানীয় আরও কয়েক ব্যক্তি গুলির শব্দ শোনার তথ্য জানিয়েছেন। এ ছাড়া বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছেন কয়েকজন।

পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেছেন, নাসিরপুরের জঙ্গি আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়েছে।

দুপুর পৌনে ১২টার দিকে নাসিরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাইকিং করতে দেখা যায়। সন্দেহভাজন জঙ্গি আস্তানার আশপাশ থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হচ্ছে।

ঘটনাস্থলে র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থা এসেছে।

এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি ভীতি কাজ করছে। পুলিশের একটি সূত্র জানায়, সন্দেহজনক দুটি জঙ্গি আস্তানা ঘিরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে।

patheo24/mr

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *