পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রেল স্টেশনে মাইক্রোবাসের সাথে ট্রেনের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনের নিহত হওয়ার খবর জানা গেছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৫ জন।
আজ রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় মাইক্রোবাসটি রেললাইন অতিক্রম করছিল, কিন্তু ততক্ষণে চলে আসে ট্রেন। এতে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুছড়ে যায়।
জানা যায়, পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সিলেটে যাচ্ছিল। এ সময় যাত্রীবাহী মাইক্রোবাসটি ভাটেরা রেল স্টেশনের হোসেনপুর নামক জায়গা দিয়ে রেললাইন ক্রস করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১ ঘণ্টা সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। নিহত ৩ জনের মধ্যে ২ জন শিশু বলে জানা গেছে।
মাইজগাঁও স্টেশন মাস্টার মনির হোসেন বলেন, দুর্ঘটনার পরপর পুলিশ এসে দুমড়ে মুছড়ে যাওয়া মাইক্রোবাসটি রেললাইন থেকে সরিয়ে দিয়েছে। এতে করে স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ। এর আগে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।


