পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তীব্র ও দীর্ঘ যানজট এড়াতে আগামী রোববার (২০ জুন) থেকে গাজীপুর-ঢাকা রুটে ৩ জোড়া বিশেষ ট্রেন চালু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার সাহাদত আলী।
বৃহস্পতিবার (১৭ জু্ন) তিনি জানান, সকাল-বিকাল গাজীপুরের জয়দেবপুর থেকে টঙ্গী হয়ে ঢাকা আবার ঢাকা থেকে টঙ্গী হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন। ট্রেন তিনটি হলো- তুরাগ এক্সপ্রেস ট্রেন, টাঙ্গাইল কমিউটার ও কালিয়াকৈর কমিউটার।
সাম্প্রতিক সময়ে ঢাকা থেকে গাজীপুরের চৌরাস্তা যেতে ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে ৮-৯ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। এবার বিশেষ ট্রেন চালুর ফলে এই পথে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ কমবে বলে মনে করেন সরদার সাহাদত আলী।
এর আগে এই রুটে ওই ট্রেনগুলো চলাচল করছিল বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে জংশনের (স্টেশন) মাস্টার হালিম উজ্জামান। করোনাকালে সরকারি নির্দেশনায় ট্রেনগুলোর চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল বলে জানান তিনি।


