পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রে বাংলাদেশী অধ্যুষিত অন্যতম অঙ্গরাজ্য নিউজার্সীর পেটারসন সিটির ইউনিয়ন অ্যাভিনিউ সড়কের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ বুলেভার্ড’ রাখা হয়েছে।
শনিবার আনুষ্ঠানিকভাবে সড়কের নামফলক লাগিয়ে বাংলাদেশ বুলেভার্ড করা হয়। বাংলাদেশি আমেরিকান কাউন্সিলম্যান শাহিন খালিক এ সড়কের নামকরণ করেন।
জানা গেছে, স্থানীয় সময় শনিবারে ‘বাংলাদেশ বুলেভার্ড’ সড়কের নামকরণ উপলক্ষে সেখানে শুরু হয় বাংলাদেশিদের মিলনমেলা ও কনসার্ট আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। এতে ব্যান্ড মাইলস, বাউল কালা মিয়া, রিজিয়া পারভীনসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
এ সময় কাউন্সিলম্যান শাহিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রবাসী বাংলাদেশিরা আমাকে নির্বাচিত করেছিলেন, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতায় বাংলাদেশের নামে এই রোডের নামকরণ করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক বিজয়।
সংশ্লিষ্টরা বলছেন, এটি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক বিজয় এবং গর্বের দিনও বটে। বিশেষ করে কাউন্সিলম্যান শাহিন খালিকের সুদক্ষ নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিরা পেল নিজ দেশের নামে সড়ক।
নিউজার্সী অঙ্গরাজ্যের পেটারসন ও আশপাশের এলাকায় ১০/১৫ হাজার প্রবাসী বাংলাদেশীর বসবাস। তাদের দীর্ঘদিনের দাবী বাংলাদেশ নামে সেখানকার একটি রাস্তা হোক। ইতিমধ্যেই ৪/৫ বছর আগে স্থানীয় প্রবাসী বাংলাদেশীর উদ্যোগে এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় ‘জালালাবাদ সষ্ট্রীট’ নামে একটি সড়ক হয়েছে।
২০১৪ সালে নিউজার্সীতে প্রথমবারের মতো বাংলাদেশীদের প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সেখানে সিটি প্রশাসনের সহযোগিতায় ২০১৫ সালে স্থায়ী শহীদ মিনার নির্মান হয়েছে। যা বাংলাদেশী কমিউনিটির সাফল্য হিসেবে অনেকেই মনে করছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যগুলোর মধ্যে বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্কের ওজনপার্কে দূর্বৃত্তদের হামলায় নিহত সাংবাদিক মিজানুর রহমান মিজান স্মরণে স্থানীয় ফরবেল স্ট্রীটের নাম ‘মিজানুর রহমান ওয়ে’, ব্রঙ্কসের স্টার্লিং এভিনিউ’র নাম ‘বাংলা বাজার’ নামকরণ, ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস শহরের একটি জায়গার নাম ‘বাংলা টাউন’, শিকাগো শহরে ‘জিয়াউর রহমান ওয়ে’ এবং ‘বঙ্গবন্ধু ওয়ে’ নামে সড়কের নামকরণ হয়েছে বলে জানা গেছে।


