যুদ্ধ বন্ধ করতে চান বলেই সোলাইমানিকে হত্যা : ট্রাম্প
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: যুদ্ধ বন্ধ করার কথা ভাবছেন বলেই সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যা করেছে `যুদ্ধ বন্ধ করার জন্য, যুদ্ধ শুরুর জন্য নয়’।
তিনি বলেন, শুক্রবার বাগদাদ এয়ারপোর্টে হামলায় সোলাইমানির ‘সন্ত্রাসের রাজত্ব শেষ’ হলো।
ফ্লোরিডায় তার মালিকানাধীন মার-এ-লাগো রিসোর্টে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা বলেন।
কাশেম সোলাইমানি ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল ছিলেন।
শুক্রবার ভোরে গাড়িতে করে বাগদাদ বিমানবন্দর ত্যাগ করার সময় মার্কিন ড্রোন হামলায় নিহত হন জেনারেল সোলাইমানি। এ হামলায় আরও সাতজন নিহত হন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এক বিবৃতিতে পেন্টাগন জানায়, জেনারেল সোলেইমানি ইরাকে মার্কিন কূটনীতিক এবং কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। জেনারেল সোলেইমানি এবং তার কুদস বাহিনী শত শত মার্কিনি এবং জোটের সদস্যের হতাহতের পেছনে দায়ী।
এ পরিস্থিতিতে ইরানের সঙ্গে চলা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার ৫০০ সৈন্য মোতায়েন করতে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
এদিকে, দু’দেশের মধ্যকার উত্তেজনার মধ্যেই নিজেদের যুদ্ধবিমানের মহড়া শুরু করে দিয়েছে ইরান। দেশটির পশ্চিম আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যুদ্ধবিমান উড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইরান যেভাবে যুদ্ধবিমান উড়াতে শুরু করেছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।


