পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সেলাই মেশিন মেরামতের টাকা না পেয়ে বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক মাদরাসাছাত্রী। ঘটনাটি ঘটেছে রংপুরের তাজহাট থানার সিলিমপুর এলাকায়।
পুলিশ জানায়, সিলিমপুর এলাকার কৃষক আব্দুল মতিনের মেয়ে মারুফা বেগম (১৯) মাহিগঞ্জ এলাকায় একটি কামিল মাদরাসায় পড়েন। তার সেলাই মেশিনটি নষ্ট হয়ে গেলে তা মেরামতের জন্য বাবার কাছে টাকা চান তিনি। বাবা টাকা দিতে গড়িমসি করলে অভিমান করে বুধবার রাতে ঘরের আড়ার সাথে গলার ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তাজহাট থানার এসআই মামুন জানান, এ ব্যাপারে কারো কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


