রমজানে আবারও গাজায় ইসরায়েলি বিমান হামলা

রমজানে আবারও গাজায় ইসরায়েলি বিমান হামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত বছর রমজান মাসে ফিলিস্তিনে নির্বিচারে বিমান হামলা চালিয়েছিল দখলদার ইসরায়েল, যাতে প্রাণ হারান কয়েকশ নিরীহ ফিলিস্তিনি। এ বছরও শুরু হয়েছে সেই একই ঘটনা। কয়েক মাসের বিরতির পর গত মঙ্গলবার (১৯ এপ্রিল) অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে তারা। আর এই হামলার কারণ হিসেবে গতবারের মতোই ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আগে রকেট হামলার অভিযোগ তুলেছে দখলদার বাহিনী।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার রাতে গাজা উপত্যকা থেকে হামাস রকেট নিক্ষেপ করলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সতর্ক সাইরেন শোনা যায়। গত জানুয়ারির পর এ ধরনের ঘটনা এটাই প্রথম। নিক্ষিপ্ত রকেটটি তেল আবিবের কাছাকাছি সাগরে গিয়ে পড়ে বলে দাবি করা হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। সেটি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে আটকে দেওয়া হয়েছে।

এর কয়েক ঘণ্টা পরেই গাজায় কথিত ‘হামাসের অস্ত্র কারখানায়’ হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েল।

গাজার নিরাপত্তা সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, ‘বিমান-বিরোধী প্রতিরক্ষা’ ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলি হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে হামাস। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে তারা।

তবে এখন পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে কথিত রকেট হামলার দায় স্বীকার করেনি কেউ। অবশ্য ইসরায়েলি বাহিনী এ ধরনের ঘটনায় বরাবরই ফিলিস্তিনি প্রতিরোধী গোষ্ঠী হামাসকে দায়ী করে আসছে।

২০২১ সালের ১০ মে রোজা রাখা ফিলিস্তিনিদের ওপর টানা বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলি দখলদার বাহিনী। তাদের আগ্রাসনের জবাবে গাজা থেকে রকেট হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসও। টানা ১১ দিনের ইসরায়েলি হামলায় অন্তত ২৬০ ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ৬৭ জনই ছিল কোমলমতি শিশু। আর ফিলিস্তিনি বাহিনীর পাল্টা হামলায় ইসরায়েলে প্রাণ হারান মোট ১২ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *