রাজধানীতে বাসায় আগুনে দগ্ধ ৩

রাজধানীতে বাসায় আগুনে দগ্ধ ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মোহাম্মদপুরে একটি টিনশেড বাসায় আগুনে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ মে) রাত পৌনে ৩টার দিকে মোহাম্মদপুরের নবদয় হাউজিংয়ের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মো. সোহেল (৩৫), তাঁর স্ত্রী লাবনী আক্তার হাওয়া (২৫) ও তাঁদের দুই বছরের ছেলে সন্তান মো. মোসালিন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী ভাড়াটিয়া রূপা আক্তার বলেন, রাত ৩টার দিকে তাঁদের ঘরের ভেতর চিৎকার শুনতে পাই। পরে ঘুম থেকে উঠে তাদের রুমের সামনে গিয়ে দেখি রুমের ভেতর আগুন জ্বলছে, সোহেল ও লাবনী রুমের বাইরে, তাদের শরীরেও আগুন জ্বলছিলও। আর বাচ্চাটি রুমের ভেতরেই ছিল। তখন আমরা বাচ্চাটিকে রুমের ভেতর থেকে বাইরে বের করে তাদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি।

রূপা আক্তার আরো বলেন, পরিবার নিয়ে নবদয় হাউজিংয়ের সি ব্লকের ২ নম্বর টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা। গত ২ মাস আগেই তারা এই বাসায় ভাড়া ওঠে। কীভাবে এই আগুন লেগেছে তা আমরা বলতে পারছি না। তবে মশার কয়েল থেকে এই আগুন লাগতে পারে।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, সোহেলের শরীরে ৭৫ শতাংশ দগ্ধ, লাবনীর ৩০ ও মোসালিন ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে জানা গেছে গ্যাস লাইন লিকেজ হওয়ায় রুমের ভেতর জমাট গ্যাস মশার কয়েলের সংস্পর্শে এসে এই আগুনের সূত্রপাত হয়। আগুনে তিনজন দগ্ধসহ গৃহস্থালি মালামালও পুড়ে গেছে।

সূত্র আরো জানায়, ২টা ৪৪ মিনিটে আগুনের সংবাদ আসে। সাথে সাথে মোহাম্মাদপুর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই আগুন নিভে যায়। এরপর ওই বাসার একই পরিবারের ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *